
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে স্কুলছাত্র মাহফুজুর রহমানকে হত্যার মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। এ নিয়ে এখন পর্যন্ত পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী।নাসির উদ্দিন সাথী কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম গণমাধ্যমকে আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ১৩ অক্টোবর মাহফুজুর রহমান হত্যা মামলায় সাথীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল ওহিদ। আবেদনের ওপর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। এদিন সাথীকে আদালতে হাজির করা হলে উভয়পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন।শুনানিতে তদন্ত কর্মকর্তা সাথীকে গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মো. কামরুজ্জামান স্বপনও আবেদনের পক্ষে শুনানি করেন।তিনি আদালতকে বলেন, আসামি মাই টিভির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আন্দোলনের সময় নিজের টেলিভিশন চ্যানেলে আন্দোলনের খবর প্রচার না করে অন্য বিষয় তুলে ধরেন। তদন্তে এ ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে বলে দাবি করেন তিনি। এ সময় সাথীকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুরের প্রার্থনা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।অন্যদিকে, সাথীকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া। তিনি আদালতকে বলেন, নাসির উদ্দিন সাথী গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। এক বছরের বেশি সময় ধরে বন্দি থাকলেও এতদিন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন হয়নি।এ ছাড়া সাথী অসুস্থ এবং আওয়ামী লীগে তার কোনো পদ-পদবি নেই বলেও আদালতে দাবি করেন তার আইনজীবী।উভয়পক্ষের শুনানি শেষে আদালত মাহফুজুর রহমান হত্যা মামলায় নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।